জুন ১১, ২০২৬, ১১:১১ এএম
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার রামরামপুর সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা এক বৃদ্ধকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। দীর্ঘ ২৪ ঘণ্টা সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে অবস্থানের পর বৃহস্পতিবার সকাল ৭টার দিকে তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তার পরিচয় শনাক্ত হয়েছে। ওই বৃদ্ধের নাম ষষ্টি চন্দ্র বর্মন। বয়স ৬৮ বছর। তার বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চাঁন্দলাই গ্রামে। উদ্ধার পরবর্তী তাকে বকশীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। ধানুয়া কামালপুর বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবারের সদস্যরা এলেই তার কাছে হস্তান্তর করা হবে।
এর আগে বুধবার সকালে ওই বৃদ্ধকে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা, বিজিবি ও বিএসএফের মধ্যে বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পরে দীর্ঘ সময় সীমান্তের শূন্যরেখায় অবস্থানের পর তাকে উদ্ধার করা হয়। বিভিন্ন টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের ছবি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা বিজিবির সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত করেন।
বর্তমানে তিনি বকশীগঞ্জ পুলিশ হেফাজতে রয়েছেন। পরিবারের লোকজন না পৌঁছানো পর্যন্ত তাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি ও স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে আছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন