বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গ্রেপ্তারের পর থেকেই চোখ খুলছেন না জিসান, ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ১৫, ২০২৬, ০৫:৩৬ পিএম

গ্রেপ্তারের পর থেকেই চোখ খুলছেন না জিসান, ৪ সদস্যের মেডিকেল বোর্ড গঠন

ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে গ্রেপ্তার ছাত্রশিবিরের বহিষ্কৃত নেতা জিসান মিয়ার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশি পাহারায় কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।আসামির শারীরিক সুস্থতা নিয়ে ওঠা বিতর্ক এড়াতেই এই উদ্যোগ নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কুমেক হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জিসানের শারীরিক অবস্থা নিখুঁতভাবে পরীক্ষা করে একটি চূড়ান্ত স্বাস্থ্য প্রতিবেদন দেওয়ার জন্য এই বোর্ড কাজ শুরু করেছে। বোর্ডের প্রধান হিসেবে রয়েছেন মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হেলালুর রহমান। বোর্ডের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন নিউরোলজি, সাইকিয়াট্রি এবং অ্যানেসথেসিয়া বিভাগের সহযোগী অধ্যাপকরা।

মামলার বিবরণে জানা যায়, ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া এক নারীকে অন্তঃসত্ত্বা করে জিসান জোরপূর্বক গর্ভপাত করান বলে অভিযোগ ওঠে। গত শুক্রবার লাকসাম থেকে গ্রেপ্তারের পর থেকে তার আচরণ নিয়ে রহস্য তৈরি হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তারের আগে সুস্থ থাকলেও গ্রেপ্তার পরবর্তী সময়ে জিসান চোখ খুলছেন না এবং অসংলগ্ন আচরণ করছেন। হাসপাতালের ছাড়পত্র পাওয়ার পরই তাকে আদালতে হাজির করা হবে।