জুন ২০, ২০২৬, ০৩:৫০ পিএম
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে নীলফামারীতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১১টায় ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সংগ্রাম কমিটি’র উদ্যোগে এই বিশাল কর্মসূচির আয়োজন করা হয়। জলঢাকা উপজেলা থেকে শুরু করে ডালিয়া তিস্তা ব্যারেজ পর্যন্ত দীর্ঘ সড়কের বিভিন্ন ছোট-বড় বাজারে ব্যানার ও ফেস্টুন নিয়ে সর্বস্তরের মানুষ এই স্বতঃস্ফূর্ত কর্মসূচিতে অংশ নেন।
পরবর্তীতে তিস্তা ব্যারেজ সংলগ্ন এলাকায় মূল মানববন্ধন ও বিশাল প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।নীলফামারী-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার-এর সভাপতিত্বে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ এবং নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলামের সঞ্চালনায় এতে চরাঞ্চলের হাজার হাজার সাধারণ কৃষক ও সাধারণ জনতা অংশ নেন।প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এখন এই অঞ্চলের অবহেলিত মানুষের সময়ের দাবি। জামায়াতের এই কর্মসূচির খবর পেয়ে পানিসম্পদ মন্ত্রী ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আহসান হাবিব দুলু তড়িঘড়ি করে তিস্তা অঞ্চল পরিদর্শনে এসেছেন।
কিন্তু মন্ত্রীদের পরিদর্শনের পরপরই ভারত উজানের পানি ছেড়ে দেওয়ায় তিস্তার পানি হুহু করে বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা না হলে জনগণকে সাথে নিয়ে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।সমাবেশে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ মুনতাকিম এবং জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ারুল ইসলামও বক্তব্য রাখেন। বক্তারা তিস্তার ন্যায্য হিস্যা নিয়ে সব ধরনের টালবাহানা বন্ধ করে উত্তরবঙ্গকে খরা ও বন্যার হাত থেকে রক্ষা করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন