জুন ২২, ২০২৬, ১১:০৯ পিএম
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সম্ভাব্য নৈরাজ্য ও অপচেষ্টার প্রতিবাদে রাজধানী ঢাকার শাহবাগ এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার সন্ধ্যায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মসূচির আয়োজন করা হয়।বিক্ষোভ মিছিলটি শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্র প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিতের সরাসরি নেতৃত্বে এই মিছিলে ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির অরাজকতা ও নাশকতার বিরুদ্ধে নানা ধরনের প্রতিরোধমূলক স্লোগান দিতে থাকেন। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্বৈরাচারী পতনের পর এমন নজির আর নেই যেখানে দলের সব সাঙ্গপাঙ্গদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার আদায়ে ছাত্রদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের ঝটিকা মিছিল বা নাশকতা প্রতিহত করতে রাজধানীর কৌশলগত পয়েন্টগুলোতে ছাত্রদলের নেতাকর্মীরা কড়া পাহারায় থাকবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। অন্যদিকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন