রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের মিছিল

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ২০, ২০২৬, ০৭:৫০ পিএম

পঞ্চগড়ে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ছাত্রদলের মিছিল

ছবি: দিনাজপুর টিভি

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের ঘোষিত লকডাউনসহ বিভিন্ন কর্মসূচির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর ছাত্রদল। রোববার বিকেলে জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে এই বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি পঞ্চগড় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

এ সময় পৌর ছাত্রদলের নেতাকর্মীরা চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবিতে নানা স্লোগান দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের বক্তারা অভিযোগ করেন সারা দেশে আওয়ামী লীগ লকডাউনের নামে নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।  বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে তারা দাবি করেন। 

ছাত্রদল নেতারা হুঁশিয়ারি দিয়ে জানান যেকোনো ধরনের নৈরাজ্যকর তৎপরতা রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানান তারা। মিছিল ও সমাবেশে পঞ্চগড় পৌর ছাত্রদলের সদস্য সচিব শামিম ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শাহিনুর রহমান সাজ্জাদসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।