জুলাই ১, ২০২৬, ০৮:৫৭ পিএম
বাগেরহাটের শরণখোলা উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচির আওতায় দেওয়া দুপুরের টিফিনের ডিম খেয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। আজ বুধবার দুপুর ১টার দিকে উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। অসুস্থ ছাত্রছাত্রীদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীরা সবাই বিদ্যালয়টির তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রী।হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরের টিফিনে সরবরাহ করা ডিম খাওয়ার পরপরই শিক্ষার্থীদের পেটে তীব্র ব্যথা এবং শ্বাসকষ্ট শুরু হয়। রায়েন্দা গ্রামীণ জেনারেল হসপিটালের কর্তব্যরত চিকিৎসক শাকিল কায়সার জানান, চিকিৎসাধীন শিক্ষার্থীরা বর্তমানে অনেকটাই আশঙ্কামুক্ত এবং তাদের দ্রুত সম্পূর্ণ সুস্থ করে তোলার চেষ্টা চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান, গত রোববার সরবরাহ করা ডিম আজ সিদ্ধ করে টিফিনে দেওয়া হয়েছিল এবং সম্ভবত ওই ডিমগুলোর মধ্যে কোনো সমস্যা থাকার কারণে শিশুরা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে।এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই কর্মসূচির আওতায় দীর্ঘদিন ধরে নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে, যা নিয়ে অভিভাবকদের মনে আগে থেকেই তীব্র অসন্তোষ ছিল।
খাবার সরবরাহকারী কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পূর্বনির্ধারিত দিনে ডিম পৌঁছানো সম্ভব হয়নি এবং সিদ্ধ করার সময় নষ্ট ডিম থেকে যাওয়ায় এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হতে পারে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা কর্মকর্তা পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন