রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় ফের সড়ক অবরোধ

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৫, ২০২৬, ০২:২১ পিএম

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তরায় ফের সড়ক অবরোধ

ছবি - সংগৃহীত

শিক্ষামন্ত্রীর ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর উত্তরায় ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার বেলা দেড়টার দিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনে তারা অবস্থান নেন। এতে ঢাকা ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়।মঙ্গলবারও তারা একই দাবিতে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছিলেন।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। তাদের দাবিসমূহের মধ্যে রয়েছে দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পদত্যাগ।

ঘটনাস্থলে পুলিশ জলকামান নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে। তবে শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডায় জড়াতে চায় না বলে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা একই দাবিতে কর্মসূচি পালন করে আসছেন। তাদের অভিযোগ, পরিস্থিতি অনুকূলে না থাকা সত্ত্বেও সরকার জোর করে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা শিক্ষার্থীদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।