জুলাই ১৭, ২০২৬, ১০:২৭ পিএম
চুরির অভিযোগে এক যুবককে আটক করে ১০০ রাকাত নফল নামাজ আদায় করিয়ে তওবা করানোর পর ছেড়ে দিয়েছেন গ্রামবাসী। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় ফকির আস্তানা এলাকায় এই ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা রেজাউল করিমের (৩৫) বিরুদ্ধে একটি মোবাইল ফোনসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ ওঠে। অভিযোগ পাওয়ার পর স্থানীয়রা তাকে আটক করেন।
পরবর্তীতে এলাকার গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসীর উপস্থিতিতে তাকে নিজের ভুল স্বীকার করতে বলা হয় এবং তওবা করানো হয়। এসময় শাস্তি হিসেবে তাকে ১০০ রাকাত নফল নামাজ আদায় করানো হয়। একই সঙ্গে ভবিষ্যতে চুরি বা অন্য কোনো অপরাধে জড়াবেন না মর্মে অঙ্গীকার করানোর পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা ও জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ আহাম্মদ খান জানান, দীর্ঘদিন ধরে এলাকায় চুরির ঘটনা ঘটলেও অভিযুক্তকে শনাক্ত করা যাচ্ছিল না। শুক্রবার মোবাইল ফোনসহ মালামাল চুরির চেষ্টা করলে তাকে হাতেনাতে আটক করা হয়। শাস্তির উদ্দেশ্য ছিল তাকে সংশোধনের সুযোগ দেওয়া, তাই তার কাছ থেকে তওবা করিয়ে নামাজ আদায় করানো হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন এবং কেউ তাদের জানায়নি। তবে চুরির অভিযোগে কাউকে আটক করা হলে আইন অনুযায়ী তাকে পুলিশের কাছে হস্তান্তর করা প্রয়োজন ছিল বলে জানান তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন