রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ১৮, ২০২৬, ১০:২৬ এএম

কুষ্টিয়ার খোকসায় দুইজনকে কুপিয়ে হত্যা

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং আতিয়ার শেখের ছেলে আব্দুল শেখ (২৫)।মাদকের টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, মাদক বিক্রির টাকা নিয়ে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সন্ত্রাসী সামিরুল মোল্লার বিরোধ চলছিল। 

শুক্রবার গভীর রাতে সামিরুল দলবল নিয়ে দেশীয় অস্ত্রসহ দেবীনগরে ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। তবে টের পেয়ে ছালিম হোসেন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।এ সময় ছালিমের বাড়িতে অবস্থান করছিলেন ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডল। হামলাকারীরা তাদের চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে অন্যত্র চিকিৎসা নিচ্ছেন। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার রাতে দুই গ্রুপের মধ্যে মাদকের টাকা নিয়ে বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।