রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেহেরপুরে বাস উল্টে ১০ যাত্রী আহত

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ২১, ২০২৬, ০৪:৪৩ পিএম

মেহেরপুরে বাস উল্টে ১০ যাত্রী আহত

ছবি: দিনাজপুর টিভি আর্কাইভ

মেহেরপুর শহরের ওয়াবদা মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দুর্ঘটনার পর ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, ওয়াবদা মোড় এলাকায় পৌঁছানোর পর একটি ইজিবাইককে সাইড দিতে গিয়ে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে যায়। এতে বাসের অন্তত ১০ জন যাত্রী গুরুতর আঘাত পান। আহতদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

মেডিকেল সূত্রে জানা গেছে, হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে মুজিবনগর উপজেলার তারানগর গ্রামের ববিতা খাতুন ও প্রিয়া খাতুন, সদর উপজেলার আশরাফপুর গ্রামের মিলন, চাঁদবিল গ্রামের রেনুয়ারা খাতুন এবং দক্ষিণ শালিকা গ্রামের ওসমান রয়েছেন। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের কাজ চলছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে বাসের নিচে কেউ চাপা পড়ে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।