জুলাই ২৩, ২০২৬, ০৮:২২ পিএম
বাজেটে অতিরিক্ত কর ও ঋণের বোঝা বৃদ্ধির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি। বুধবার বিকেলে শহরের গানাসাস মার্কেটের সামনে এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়। দেশব্যাপী কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল অসম বাণিজ্য চুক্তি বাতিলের জোর দাবি জানানো হয়েছে।সমাবেশে বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নীতিতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে পঙ্গু করতে রাষ্ট্রায়ত্ত চৌচল্লিশটি গুরুত্বপূর্ণ শিল্পকারখানা ব্যক্তি মালিকানায় হস্তান্তরের পাঁয়তারা চালানো হচ্ছে বলে তারা উল্লেখ করেন।
সম্প্রতি জাতীয় সংসদ প্রাঙ্গণে আমেরিকার স্বাধীনতা দিবস উদযাপনের কঠোর সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে আপস করে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা কোনোভাবেই দেশবাসীর কাম্য হতে পারে না।
জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড মিহির ঘোষ। এছাড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী মুরাদ জামান রব্বানী, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য রেবতী বর্মন, সদর উপজেলা কমিটির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার এবং জেলা কমিটির সদস্য আব্দুল্লাহ সরকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন