জুলাই ২৬, ২০২৬, ১১:৫০ পিএম
রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে একটি তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় যাত্রীবাহী বাস, মাহিন্দ্রা ও অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এতে একজন নিহত ও অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।রোববার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন খানখানাপুর রেলগেট অতিক্রম করার সময় পেছনের পাঁচটি বগি মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে ইঞ্জিনের সামনের অংশ পার হয়ে যাওয়ায় দায়িত্বরত গেটম্যান লাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। ঠিক সেই মুহূর্তেই একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা পার হতে গেলে পেছনের বগিগুলো সজোরে এসে বাহনগুলোতে ধাক্কা দেয়। এতে বাহনগুলো সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েকজন আরোহী গুরুতর আঘাত পান।
দুর্ঘটনার সাথে সাথে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে উদ্ধার কাজ শুরু করেন। পরে খবর পেয়ে পুলিশ, রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় কিছুক্ষণ যানবাহন চলাচল ব্যাহত হলেও পরে উদ্ধারকাজ শেষ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা সেখানে পৌঁছায় এবং স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন