রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিরল ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

মো: মামুনুর রশিদ

আগস্ট ১১, ২০২৬, ০২:০৯ পিএম

বিরল ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক উদ্ধার

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক নির্মূলে কঠোর অবস্থান বজায় রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করেছে দিনাজপুর ব্যাটালিয়ন বা বিজিবি পক্ষ থেকে। এসব অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ফেন্সিবিল জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য বায়ান্ন হাজার একশ টাকা।প্রথম অভিযানটি পরিচালিত হয় গত দশ আগস্ট রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলার চৌধুরীপাড়া লিচুবাগান এলাকায়। মৌচোষা বিওপির সদস্যরা সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিশ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন। একই রাতে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার দৌপাইল এলাকায় পরিচালিত অপর এক অভিযানে ঊনষাট পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

সর্বশেষ এক অভিযানে একাদশ আগস্ট ভোরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার কোচাল এলাকা থেকে একাত্তর বোতল ভারতীয় ফেন্সিবিল উদ্ধার করে পার্বতীপুর বিওপির জওয়ানরা। তিনটি অভিযানেই কোনো মালিক বা পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। পলাতক মাদক ব্যবসায়ীদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

দিনাজপুর ব্যাটালিয়ন বা বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন যে সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।