আগস্ট ২০, ২০২৬, ১২:৫৫ পিএম
হবিগঞ্জ মেডিকেল কলেজ হোস্টেলে শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যকার সংঘর্ষে অন্তত দশ জন আহত হয়েছেন। বুধবার দিবাগত মধ্যরাতে জেলা শহরের অনন্তপুর আবাসিক এলাকায় অবস্থিত কলেজ ছাত্রাবাসে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পূর্ববিরোধের জেরে এই রক্তক্ষয়ী ঘটনার সূত্রপাত হয়।শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, মধ্যরাতে দুই শিক্ষার্থীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। তাদের মধ্যে আগে থেকেই অভ্যন্তরীণ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। একপর্যায়ে বাকবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে শিক্ষার্থীরা দুটি দলে বিভক্ত হয়ে পড়ে এবং দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড ও স্ট্যাম্প নিয়ে পরস্পরের ওপর আক্রমণ চালায়।
এতে অন্তত দশ জন শিক্ষার্থী আহত হন।ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন