বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঠাকুরগাঁওয়ে ১৩ সেকেন্ডে কী ঘটল?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ে ১৩ সেকেন্ডে কী ঘটল?

ছবি - সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মাত্র ১৩ সেকেন্ডের এক আকস্মিক ঝড়ে পাঁচটি গ্রাম লন্ডভন্ড হয়ে গেছে। রোববার ভোরের এই ঘটনায় প্রায় তিন শতাধিক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকজন মানুষসহ গবাদিপশুও আহত হয়েছে বলে জানা গেছে।উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী গ্রামে ভোররাতের দিকে এই ঝড় আঘাত হানে।

ক্ষতিগ্রস্ত গ্রামবাসী জানান, হঠাৎ করেই প্রচণ্ড বেগে বাতাস বইতে শুরু করে এবং কিছু বুঝে ওঠার আগেই মাত্র ১৩ সেকেন্ডের মধ্যে সবকিছু তছনছ হয়ে যায়। মুহূর্তের মধ্যে ঘরবাড়ির টিনের চালা উড়ে যায়, বড় বড় গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেককে বাড়ির পাশের পুকুর থেকে নিজেদের ঘরের টিন খুঁজে বের করতে দেখা গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে বাস করছে এবং তারা দ্রুত সরকারি ও বিত্তবানদের কাছে টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছে।

এ বিষয়ে পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী জানান, তার ইউনিয়নের চারটি গ্রামেই প্রায় তিন শতাধিক পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন এবং দ্রুত সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি আশা প্রকাশ করেন।

একই ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, আল্লাহর রহমতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ইউনিয়নের প্রায় প্রতিটি বাড়িরই কমবেশি ক্ষতি হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর অনুরোধ জানান।

ঘটনাস্থল পরিদর্শন শেষে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল দেওয়া হবে এবং পরবর্তীতে টিনের ব্যবস্থাও করা হবে।