অক্টোবর ৭, ২০২৫, ১১:০৩ পিএম
উত্তরাঞ্চলের রংপুর ও গাইবান্ধা জেলায় গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্স বা তড়কা রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ায় এর উৎস অনুসন্ধানে মাঠে নেমেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি উচ্চপর্যায়ের তদন্ত দল। মঙ্গলবার (৭ অক্টোবর) তিন সদস্যের এই দলটি রংপুরের পীরগাছা ও কাউনিয়া উপজেলার আক্রান্ত এলাকাগুলো পরিদর্শন করে এবং স্থানীয় বাসিন্দা ও খামারিদের সঙ্গে কথা বলে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানের নেতৃত্বে গঠিত এই দলে আরও রয়েছেন অধিদপ্তরের এপিডেমিওলজি সেলের কর্মকর্তা এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একজন বিশেষজ্ঞ।এদিকে, রংপুরের পীরগাছা, কাউনিয়া ও মিঠাপুকুরের পর এবার গঙ্গাচড়া উপজেলাতেও দুই ব্যক্তির শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন ওই দুই ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার আইইডিসিআর-এ পাঠানো হয়েছে।
তদন্ত দলের প্রধান ডা. বয়জার রহমান বলেন, “এর আগে সংগৃহীত ১১টি মাংসের নমুনার মধ্যে ১০টিতেই অ্যানথ্রাক্স পজিটিভ পাওয়া গেছে। আমরা এখন ঘাস ও মাটির নমুনাও সংগ্রহ করেছি, যা পরীক্ষার পর সংক্রমণের মূল উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।” তিনি জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া হবে।
জানা গেছে, পীরগাছার কয়েকটি গ্রামে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে কয়েকজন নারী-পুরুষের মৃত্যু হয়েছে এবং স্থানীয়ভাবে বেশ কিছু গবাদিপশুও মারা গেছে। দলটি আগামীকাল বুধবার রংপুরের মিঠাপুকুর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা পরিদর্শনে যাবে বলে কথা রয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে ‘রিং মডেল’ অনুসরণ করে ব্যাপক টিকাদান কর্মসূচি চালানো হচ্ছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন