রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: দুলু

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১২, ২০২৫, ০৮:৪৭ পিএম

বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে: দুলু

ছবি - সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে।” তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচন হলে এবং দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই বিএনপির বিজয়কে ঠেকাতে পারবে না।

রোববার (১২ অক্টোবর) নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি আয়োজিত পৃথক পৃথক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “আগামী নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করতে হলে নেতাকর্মীদের আর ঘরে বসে থাকা চলবে না। নির্বাচনের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত মাঠে থাকতে হবে। প্রতিটি ভোটারের কাছে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিবাদের কারণে দেশের তরুণ সমাজ জীবনে কখনো ভোটই দিতে পারেনি। তরুণ সমাজ এবার তাদের জীবনের প্রথম ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই এই তরুণদের কাছে ‘ধানের শীষ’-এর কর্মীদের ছুটে যেতে হবে এবং তাদের প্রথম ভোটটি ধানের শীষের পক্ষে নিশ্চিত করতে হবে।”

এই সমাবেশে আরও বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সাবেক মেয়র কাজী শাহ আলম এবং জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ স্থানীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতারা।