অক্টোবর ১৪, ২০২৫, ০৬:৩৯ পিএম
রাজধানীর মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকার একটি ভবনে অবস্থিত পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে লাগা ভয়াবহ আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় দগ্ধ ও আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও অন্তত ৮ জন। এছাড়া, এখনো কারখানার বহু শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে দাবি করছেন তাদের স্বজনরা, যাদের কান্না আর আহাজারিতে পুরো এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল থেকে দুর্ঘটনাস্থল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গের সামনে নিখোঁজদের খোঁজে ভিড় করছেন স্বজনরা। ১৪ বছর বয়সী ভাগনি মাহিরার ছবি হাতে নিয়ে ছোটাছুটি করছিলেন মামা মো. শফিকুল ইসলাম। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ভাগনি তিন তলায় কাজ করত। আগুন লাগার পর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না। সব হাসপাতালে খুঁজেছি, কোথাও নেই।”
আরেক নিখোঁজ নারগিস আক্তারের বোন লাইজু বেগম বলেন, “আগুন লাগার খবর পেয়েই ছুটে এসেছি। কিন্তু আমার বোনের কোনো খোঁজ পাচ্ছি না।”এর আগে, আজ দুপুর পৌনে ১টার দিকে ছয়তলা ভবনটির নিচতলার কেমিক্যাল গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ওপরের পোশাক কারখানায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানিয়েছেন, ভবনে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন স্বেচ্ছাসেবকরাও।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন