অক্টোবর ১৪, ২০২৫, ০৭:০০ পিএম
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “আগামীর স্বপ্নপূরণে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। যোগ্য হয়েই সুযোগ্য স্থানে অধিষ্ঠিত হতে হবে। প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখতে হবে।”
মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীতে তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্ম উপদেষ্টা বলেন, “জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে সুযোগ তৈরি হয়েছে, তাকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। সকল ভেদাভেদ ভুলে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সুযোগ হাতছাড়া হয়ে গেলে হয়তো বহু বছর অপেক্ষা করতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা একটি স্থানে আসতে পেরেছি। এখানেই শেষ নয়, আরও বহুদূর যেতে হবে। কোনো বাধা আসলে থেমে গেলে চলবে না, সকল বাধা অতিক্রম করেই এগিয়ে যেতে হবে।”পরে উপদেষ্টা বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিন মাসব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতায় সারাদেশের ৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।
এতে কলেজ ও উন্মুক্ত ক্যাটাগরিতে নটর ডেম কলেজ চ্যাম্পিয়ন এবং মাদ্রাসা ক্যাটাগরিতে স্বাগতিক তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শামসুল আলম এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমসহ বিশিষ্টজনেরা।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন