অক্টোবর ১৫, ২০২৫, ১১:০৩ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, “জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। নির্বাচনে রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব বন্ধ করতে আমরা বাংলাদেশে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি চাইছি।”
তিনি বলেন, “পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন হলে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই দলের তত শতাংশ আসন থাকবে। তখন আর কোনো একটি দলের একক মাতব্বরি কিংবা ছড়ি ঘোরানো থাকবে না।”বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় পটুয়াখালীর গলাচিপা পৌরসভা মঞ্চে সর্বসাধারণের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর চলমান শিক্ষক আন্দোলনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, “শিক্ষকদের বেতন সবার ঊর্ধ্বে হওয়া উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক এবং তাদের চলমান ন্যায্য আন্দোলনকে আমরা পুরোপুরি সমর্থন করি।”আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আগের দিন শেষ। দিনের ভোট রাতে হবে, সেই দিন আর নেই। জনগণ এখন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে প্রস্তুত।”
এর আগে, নুরুল হক নুর পটুয়াখালীর দশমিনা সদরসহ বিভিন্ন বাজারে পথসভা করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন