অক্টোবর ২০, ২০২৫, ০৫:৫৯ পিএম
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেছেন, “গত ১৫ বছর ছাত্রলীগ, আওয়ামী লীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল। কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি। বর্তমানে দেখা যাচ্ছে, আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। আওয়ামী লীগের কর্মকাণ্ডের সাথে যাদের মিল আছে, তারাও ফ্যাসিস্ট। আমরা তাদেরকে ফ্যাসিস্ট বলতে বাধ্য হব।”
সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রশিবির আয়োজিত একাদশ ও অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ‘নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, “সাধারণ মানুষ ফ্যাসিবাদ পছন্দ করে না, আর সেই ফ্যাসিবাদের কর্মকাণ্ডের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।”
শিক্ষার্থীদের উদ্দেশে শিবির সভাপতি বলেন, “আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদেরকে যেটা বলে, তোমাদের পিতা-মাতাও তোমাদের সেটাই বলেন। শিবির তোমাদেরকে আদর্শ ও ভালো ছাত্র হতে বলে।”
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম, শিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ এবং জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন