অক্টোবর ২৬, ২০২৫, ১১:২১ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের রাজনীতিতে কেবল ৪৬ নম্বর দল হিসেবে পরিচিতি পেতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এনসিপি জাতীয় পার্টির মতো ‘পোষা রাজনৈতিক দল’ হতে আসেনি, বরং জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল অথবা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়।
রোববার, ২৬ অক্টোবর রাতে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সারজিস আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ২০২৪ সালের ছাত্র-গণঅভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপট নিয়ে কথা বলেন। তিনি বলেন, অভ্যুত্থানের পর জনগণের যে আকাঙ্ক্ষাগুলো ছিল, তা প্রত্যাশা অনুযায়ী বাস্তবায়িত হয়নি। এক বছরে যতটুকু পরিবর্তন হওয়ার কথা ছিল, ততটুকুও হয়নি।
তবে তিনি উল্লেখ করেন, এই পরিস্থিতি আমাদের শিক্ষা দিয়েছে যে ৫৪ বছরের পুঞ্জীভূত ক্ষত এক বছরে সারিয়ে তোলা সম্ভব নয়।এনসিপির এই নেতা আরও বলেন, এই ক্ষত কেবল ব্যক্তি শেখ হাসিনা বা তার কিছু তোষামোদকারীর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের প্রতিটি সেক্টরে ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, সারাদেশ জুড়েই প্রত্যেকটি জায়গা থেকে পিছুটান রয়েছে। তিনি মন্তব্য করেন, সুযোগ পেলে সবাই ক্ষমতার সর্বোচ্চ অপব্যবহার করে। তাই এই নেতিবাচক অবস্থা থেকে বেরিয়ে আসতে একটি ধীর প্রক্রিয়া ও দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হবে।
জাতীয় নাগরিক পার্টি নরসিংদী জেলা শাখার প্রধান সমন্বয়কারী আওলাদা হোসেন জনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, ঢাকার বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল হায়দার, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল আল ফয়সাল ও কেন্দ্রীয় সদস্য আব্দুল্লাহিল মামুন নিলয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন