অক্টোবর ২৬, ২০২৫, ১১:৪৫ পিএম
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইবাদত কবুলের প্রধান শর্ত হলো হালাল পথে উপার্জন করা। তিনি জোর দিয়ে বলেন, হারাম পথে অর্জিত ধনসম্পদ দ্বারা বর্ধিত শরীর বেহেশতে প্রবেশ করবে না এবং তাদের নামাজ, রোজা, হজ, জাকাত কোনো ইবাদতই কবুল হবে না।রোববার, ২৬ অক্টোবর বিকেলে রাজধানীর গুলশানে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটির আয়োজন করে গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির শিক্ষা, সংস্কৃতি, গবেষণা ও জনসংযোগ উপ-কমিটি।
ড. খালিদ হোসেন বলেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের মধ্যেই সব কল্যাণ নিহিত রয়েছে। আমরা যদি তার জীবনাদর্শ সঠিকভাবে অনুসরণ করতে পারি, তবেই ইহকালে ও পরকালে সফলকাম হতে পারব এবং জীবন আলোকিত হবে।তিনি উপস্থিত সবাইকে সহজ-সরল ও অনাড়ম্বর জীবনযাপন করার অনুরোধ জানান। পাপের ভয়াবহতা উল্লেখ করে তিনি বলেন, পাপ মানুষকে ধ্বংস করে দেয়। তাই পাপ করলে অবশ্যই তার প্রায়শ্চিত্ত করতে হবে এবং পাপের পথ থেকে ফিরে আসতে হবে। পদস্খলন ঘটলে সঙ্গে সঙ্গে তওবা করার আহ্বান জানান তিনি।
ধর্ম উপদেষ্টা আল্লাহর কাছে জবাবদিহিতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, সব কৃতকর্মের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। পুণ্যের জন্য যেমন পুরস্কার রয়েছে, তেমনি পাপ করলে কঠিন শাস্তি ভোগ করতে হবে। তিনি মন্তব্য করেন, দুদকের হাত থেকে বাঁচতে পারলেও আল্লাহর হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। এ কারণে তিনি সবাইকে সব ধরনের খারাপ কাজকর্ম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানান।গুলশান সেন্ট্রাল মসজিদ অ্যান্ড ঈদগাহ সোসাইটির সভাপতি মেজর (অব.) এ মতিন চৌধুরীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মসজিদ কমিটির সহসভাপতি লুৎফুল কবির সাদীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন