অক্টোবর ৩১, ২০২৫, ১০:৪৭ পিএম
কুষ্টিয়ার দৌলতপুর আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী ও ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল বলেছেন, গণভোট নয়, জনগণ ব্যালটের মাধ্যমেই আগামী দিনের সরকার গঠন করবে এবং জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের আল্লারদর্গা বাজারে বিএনপির একটি আঞ্চলিক অফিস উদ্বোধন শেষে উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।
শরিফ উদ্দিন জুয়েল বলেন, বর্তমান সময়ে জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত রয়েছে। দেশের আপামর মানুষ তাদের ভোটের মাধ্যমে মতামত প্রকাশ করতে চায়। তাই যে কোনো ধরনের গণভোট বা প্রহসনের মাধ্যমে নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই পরবর্তী সরকার গঠিত হতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা বিশ্বাস করি, জনগণই এই রাষ্ট্রের মালিক। তারা তাদের পবিত্র ভোটের মাধ্যমে যাকে চাইবে, তাকেই ক্ষমতায় বসাবে। সেই অধিকার কেড়ে নেওয়ার কোনো সুযোগ নেই।’
২০০৮ সালের ওয়ান-ইলেভেন সরকারের স্মৃতিচারণ করে এই যুবদল নেতা বলেন, সে সময়টি ছিল বিএনপির জন্য একটি ঐতিহাসিক ও কালো অধ্যায়। ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নেতৃত্বে গঠিত সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার অবৈধভাবে গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করে গণতন্ত্রকে হত্যা করেছিল। তিনি আরও বলেন, ‘ওই ওয়ান-ইলেভেন সরকারকে মান্নান ভূঁইয়ার হাত ধরে যেসব বিএনপি এমপি সমর্থন দিয়েছিলেন, তারা আজ দালাল ও বেইমান হিসেবে চিহ্নিত। দলের ও দেশের সেই দুঃসময়ে যারা পালিয়ে গিয়েছিল, জনগণ তাদের সঙ্গে আর যাবে না।’
দৌলতপুরের রাজনীতি প্রসঙ্গে জুয়েল বলেন, দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন দলের প্রতিষ্ঠালগ্ন থেকেই দুঃসময়ে নেতাকর্মীদের পাশে ছিলেন এবং স্বচ্ছ রাজনীতি করেছেন। তিনি বলেন, ‘আমিও তার রাজনীতির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার হাত ধরে দৌলতপুরে রাজনীতি করতে চাই। সে কারণেই বিএনপি থেকে এখানকার এমপি পদে মনোনয়ন প্রত্যাশা করছি এবং দৌলতপুরের মানুষ আমাকে সাদরে গ্রহণ করেছে।’
পরে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১ দফা কর্মসূচির সুফল তুলে ধরে জনসাধারণের মাঝে বক্তব্য দেন ও লিফলেট বিতরণ করেন। এর আগে বিকেলে তিনি উপজেলার রিফায়েতপুর হাই স্কুল মাঠে ‘জনি সরকার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা উদ্বোধন করেন এবং রাতে পিয়ারপুর ইউনিয়নের হলুদবাড়িয়া এলাকায় এক উঠান বৈঠকে অংশ নিয়েও গণসংযোগ চালান।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন