নভেম্বর ২৯, ২০২৬, ১১:২২ এএম
চাঁদপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব ১৪৩৩ উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসবের আয়োজন করা হয়।
চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, নবান্ন উৎসব বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। নতুন ধান ঘরে তোলার মধ্য দিয়ে কৃষকের মুখে যে হাসি ফোটে, নবান্ন উৎসব সেই আনন্দেরই বহিঃপ্রকাশ। এটি শুধু নতুন ফসলের উৎসব নয়, বরং আমাদের শেকড়, ইতিহাস, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চেতনার প্রতীক।
তিনি বলেন, বর্তমান সময়ে আধুনিকতার প্রভাবে আমাদের অনেক লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। নতুন প্রজন্মকে নিজস্ব সংস্কৃতি, ইতিহাস ও শেকড়ের সঙ্গে পরিচিত করতে হবে। বাঙালির নিজস্ব উৎসব, গান, কবিতা, লোকজ পরিবেশনা ও সাংস্কৃতিক চর্চাকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। চাঁদপুরের সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করতে জেলা শিল্পকলা একাডেমিসহ সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. একরামুল ছিদ্দিক, চাঁদপুর জেলা সমাজসেবা অফিসার মো. নজরুল ইসলাম, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কোহিনূর বেগম, সহ-সাংগঠনিক সম্পাদক মানিকুর রহমান মানিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো লোকজ গান ও নৃত্য পরিবেশন করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন