মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,
স্বাস্থ্যসেবায় চরম অবহেলা

পঞ্চগড়ে সাংবাদিক দেখে ডেঙ্গু রোগীদের আলমারি থেকে মশারি দিলেন নার্স

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ২৮, ২০২৬, ০৩:৩৬ পিএম

পঞ্চগড়ে সাংবাদিক দেখে ডেঙ্গু রোগীদের আলমারি থেকে মশারি দিলেন নার্স

ছবি: দিনাজপুর টিভি

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে মশারি টাঙিয়ে রাখার সরকারি নির্দেশনা থাকলেও তা না দিয়ে উল্টো আলমারিতে তালাবদ্ধ করে রাখার গুরুতর অভিযোগ উঠেছে কর্তব্যরত নার্সদের বিরুদ্ধে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডেঙ্গু ওয়ার্ডের সার্বিক চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণে সংবাদকর্মীরা সেখানে প্রবেশ করার পর নার্সদের মধ্যে হঠাৎ তৎপরতা শুরু হয় এবং তারা আলমারি থেকে দ্রুত মশারি বের করে রোগীদের বিছানায় টানানোর চেষ্টা করেন।

দুপুরে ওই বিশেষায়িত ওয়ার্ডে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেখানে মোট পাঁচজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তবে কোনো রোগীর বিছানাতেই মশারি টানানো ছিল না। এর মধ্যে তিনটি বিছানার একপাশে মশারি দলা পাকিয়ে ফেলে রাখা ছিল এবং বাকি দুইজন রোগীকে ওয়ার্ডে আসার পর কোনো মশারিই সরবরাহ করা হয়নি বলে রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনেরা জানান। সাংবাদিকদের উপস্থিতির বিষয়টি টের পেয়েই নার্সরা দ্রুত আলমারি খুলে মজুত থাকা মশারি বের করে বিছানায় বাঁধার তোড়জোড় শুরু করেন।

হাসপাতালে চিকিৎসাধীন সদর উপজেলার রাজনগর এলাকার বাসিন্দা জুবায়ের হাসান জানান, তিনি রোববার বিকেলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এই হাসপাতালে ভর্তি হন। কিন্তু হাসপাতালে ভর্তির প্রায় ২১ ঘণ্টা সময় পার হয়ে গেলেও তাকে কোনো ধরনের মশারি দেওয়া হয়নি। ওয়ার্ডে অবস্থানরত দায়িত্বশীল নার্সদের কাছে এই মারাত্মক অবহেলার কারণ জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতালের নার্সিং সুপারভাইজার রিনা বেগম জানান, ডেঙ্গু ওয়ার্ডে ব্যবহারের জন্য প্রশাসনিকভাবে পর্যাপ্ত সংখ্যক মশারি সরবরাহ করা রয়েছে। তিনি দায়িত্বপ্রাপ্ত নার্সকে ফোন করে জানতে চাইলে ওই নার্স ভুল স্বীকার করে বলেছেন যে এমন ভুল আর হবে না। এই অব্যবস্থাপনার বিষয়ে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন বলে উল্লেখ করেন।

অন্যদিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন আফরোজা বেগম রিনা বলেন, ডেঙ্গু ওয়ার্ডে সরকারিভাবে পর্যাপ্ত মশারি মজুত রাখা আছে। রোগীদের কেন নির্ধারিত সময়ে মশারি দেওয়া হয়নি, সে বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।