শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের প্রচারণা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৮:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের প্রচারণা

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া ফেসবুক পেজ খুলে বেসরকারি সাবমেরিন ক্যাবল কোম্পানির পক্ষে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। ‘পিএমও বাংলাদেশ-প্রধানমন্ত্রীর কার্যালয় ২.০’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভারত বিরোধিতার পাশাপাশি বেসরকারি সাবমেরিন ক্যাবল কোম্পানির বিভিন্ন সুবিধাজনক প্রচারণামূলক তথ্য প্রচার করা হচ্ছে। তবে সরকারের প্রকৃত ভেরিফায়েড পেজটি পর্যালোচনা করে এ ধরনের কোনো পোস্টের অস্তিত্ব পাওয়া যায়নি।

বিভ্রান্তিকর এই সাইবার কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ ব্যবহারকারীদের বিভ্রান্ত করা হচ্ছে।অনুসন্ধানে জানা গেছে, ওই ভুয়া পেজ থেকে নতুন একটি মেগা সাবমেরিন ক্যাবল যুক্ত হওয়ার দাবি করে বেসরকারি কনসোর্টিয়ামের নাম প্রচার করা হচ্ছে। প্রকৃতপক্ষে, ব্যান্ডউইথ আমদানির জন্য পূর্ববর্তী সরকার সামিট কমিউনিকেশন, মেটাকোর এবং সিডিনেটকে আলাদা সাবমেরিন কেবল লাইসেন্স দিয়েছিল। 

পরবর্তীতে তারা যৌথভাবে ‘বাংলাদেশ প্রাইভেট কেবল সিস্টেম’ নামে একটি কনসোর্টিয়াম গঠন করে। লাইসেন্সের শর্তভঙ্গ করে কনসোর্টিয়াম গঠন করায় এই প্রকল্প ঘিরে আগে থেকেই নানামুখী বিতর্ক ও উদ্বেগ তৈরি হয়েছে।নতুন করে এই কেবলকে ঘিরে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের আপত্তি। এই কনসোর্টিয়ামের চলমান প্রকল্পের মূল কেবলটি নির্মাণ করছে চীনভিত্তিক প্রতিষ্ঠান ‘হুয়াওয়ে মেরিন নেটওয়ার্ক’। 

বেসরকারি খাতের এই সাবমেরিন কেবলের প্রযুক্তিগত কার্যক্রমে চীনা প্রতিষ্ঠানকে ‘আনট্রাস্টেড’ বা অবিস্তৃত উল্লেখ করে মার্কিন প্রশাসন এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে অনানুষ্ঠানিক আপত্তি জানিয়েছে। তথ্যপ্রযুক্তি খাতের নিরাপত্তা ও আন্তর্জাতিক ডেটা প্রবাহে গুপ্তচরবৃত্তির ঝুঁকির আশঙ্কায় দেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও এই প্রকল্পকে অনুমোদন দেয়নি।

নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে, সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীর ভুয়া নাম ও লোগো ব্যবহার করে ব্যবসায়িক প্রোপাগান্ডা ছড়ানোর এই ঘটনায় সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘনের স্পষ্ট আলামত দেখছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।