বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

চাঁদাবাজ ও ধান্ধাবাজদের দিন শেষ, পরিবর্তনের ডাক মাইনুল আলমের

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৭:২৩ পিএম

চাঁদাবাজ ও ধান্ধাবাজদের দিন শেষ, পরিবর্তনের ডাক মাইনুল আলমের

ছবি-দিনাজপুর টিভি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর সদর (৩) আসনের ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলমের (দাঁড়িপাল্লা) সমর্থনে বিশাল জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর ইনস্টিটিউট মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

জনসভায় বক্তারা তীব্র সমালোচনা করে বলেন, “৫ আগস্টের পর একটি দলের নিজেদের কর্মীদের হাতেই তাদের দুই শতাধিক কর্মী নিহত হয়েছে। যাদের হাতে নিজ দলের কর্মীরাই নিরাপদ নয়, তাদের হাতে দেশ ও জনগণ কীভাবে নিরাপদ থাকবে? দেশের মানুষ আর চাঁদাবাজ ও ধান্ধাবাজদের দেখতে চায় না; তারা প্রকৃত পরিবর্তন চায়।”

মাইনুল আলমকে বিজয়ী করার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, “আমাদেরকে স্বাধীনতার পক্ষে ভোট দিতে হবে। মাইনুল আলমকে ভোট দিলে দেশ আজাদী পাবে, আর না দিলে গোলামীর জিঞ্জিরে আটকে থাকবে। সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দিনাজপুর গড়তে মাইনুল আলমের কোনো বিকল্প নেই।

দিনাজপুর সদর উপজেলা জামায়াতের আমির মেহরাব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. মাইনুল আলম।জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপি দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক শামসুল মোক্তাদির, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মুজিবুর রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মাসুদ রানা এবং ডাকসু‍‍`র সাবেক বিজ্ঞান বিষয়ক সম্পাদক ইকবাল হায়দার।

এছাড়াও জাগপার কেন্দ্রীয় নেতা সৈয়দ ইমরুল কায়েস রুপম, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. নূরুল্লাহ সরকার, এনসিপি নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক একরামুল হক আবির, শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আয়াতুল্লাহ এবং এনসিপি কেন্দ্রীয় নেতা আরিফ মুনসহ জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।