মার্চ ১, ২০২৬, ১০:৩৮ পিএম
দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। রোববার ১ মার্চ দিনব্যাপী ভোটারদের সরাসরি অংশগ্রহণে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সংগঠনের সদস্যদের সরাসরি ভোটে আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনী ফলাফল অনুযায়ী, নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুস সালাম। এ ছাড়া সহ-সভাপতি পদে মামুনুর রশিদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান পাপ্পু নির্বাচিত হয়েছেন।
সংগঠনের আর্থিক ব্যবস্থাপনার জন্য কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন সাদেকুল ইসলাম সাব্বির।কমিটির অন্যান্য পদের মধ্যে প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল হোসেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন আরমান হোসেন, মনজিত আলম শিমুল ও আরিফ হোসেন।
নির্বাচন প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করলে উপস্থিত সদস্যরা নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানান।নবনির্বাচিত নেতৃবৃন্দ তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সংগঠনের পেশাগত মানোন্নয়ন এবং সদস্যদের অধিকার রক্ষায় একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
তারা বলেন, দিনাজপুরে টেলিভিশন ক্যামেরা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামগ্রিক কল্যাণে নতুন এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে। একই সাথে সাংবাদিকতার নৈতিকতা ও আদর্শ বজায় রেখে সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। নির্বাচনটি অত্যন্ত শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হওয়ায় ভোটার ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন