মার্চ ২৫, ২০২৬, ০৭:২০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় উত্তম কৃষি চর্চা বা জিএপি (GAP) অনুসরণে উৎপাদিত আলু এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে জায়গা করে নিচ্ছে। উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের তরতবাড়ি গ্রাম থেকে উৎপাদিত উন্নত ‘সানশাইন’ জাতের আলু ইতিমধ্যে মালয়েশিয়া, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় রপ্তানি শুরু হয়েছে।
এর মাধ্যমে স্থানীয় কৃষকরা বিশ্ববাজারে নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জন করছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত বীরগঞ্জ থেকে প্রায় ২ হাজার ২৫০ মেট্রিক টন আলু বিদেশে পাঠানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, চলতি মৌসুমে পর্যায়ক্রমে আরও ১০ থেকে ১৫ হাজার মেট্রিক টন আলু আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা সম্ভব হবে।
রপ্তানি প্রক্রিয়ার অংশ হিসেবে আলু অত্যন্ত যত্নসহকারে বাছাই ও প্যাকেটজাত করা হচ্ছে। ‘দি এগ্রোনমি ইনিশিয়েটিভ এগ্রো’ নামক প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে বর্তমানে সাড়ে ৩ কেজি ওজনের কার্টনে আলু প্যাকিং করা হচ্ছে। এ ছাড়াও বিদেশি আমদানিকারকদের চাহিদা অনুযায়ী ৫ থেকে ১০ কেজি ওজনের ছোট ব্যাগেও আলু প্রস্তুত করা হচ্ছে।এই পুরো কার্যক্রমে সার্বিক তদারকি ও কারিগরি সহায়তা প্রদান করছেন বীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. শরিফুল ইসলাম।
তার নিয়মিত পরিদর্শন ও পরামর্শে কৃষকরা আধুনিক পদ্ধতিতে আলু উৎপাদন ও সংরক্ষণে অভাবনীয় সাফল্য পেয়েছেন। তরতবাড়ি পার্টনার ফিল্ড স্কুল (পিএফএস) এবং জিএপি আলু ও কৃষক সেবা কেন্দ্রের উদ্যোগে কৃষকদের ১০ দিনব্যাপী হাতে-কলমে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। এর ফলে তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মানসম্মত আলু উৎপাদনে সক্ষম হয়েছেন।স্থানীয় কৃষকরা জানান, এ উদ্যোগের ফলে তারা আলুর ন্যায্য মূল্য পাচ্ছেন।
বিশেষ করে প্যাকিং ও বাছাইয়ের কাজে স্থানীয় নারীদের বড় পরিসরে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়ায় অনেক পরিবার এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। দি এগ্রোনমি ইনিশিয়েটিভ এগ্রো-র মালিক সালমা রহমান জানান, বাজারে আলুর দরপতন হলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন, তাই তারা কৃষকদের পাশে থেকে পণ্য বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছেন। কৃষক মোতাহার হোসেন জানান, উত্তম কৃষি চর্চা অনুসরণ করে মানসম্মত আলু উৎপাদন করে তারা লাভবান হচ্ছেন। বীরগঞ্জের এই সাফল্য বাংলাদেশের কৃষি খাতের সম্ভাবনার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন