মার্চ ২৫, ২০২৬, ০৮:০৩ পিএম
পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দান সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের কালরাত্রিতে শহীদদের স্মরণে সংগঠনের পক্ষ থেকে এই আলোর মিছিল ও শ্রদ্ধা নিবেদন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি মাহবুবা খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সম্মানীয় সদস্য কানিজ রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ারা সানু, রত্না মিত্র, সহ-সাধারণ সম্পাদক রুবি আফরোজ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, আন্দোলন সম্পাদক সাবিয়া খাতুন এবং প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক রোকসানা বিলকিসসহ জেলা ও পাড়া কমিটির সদস্যবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, ২৫শে মার্চ বাঙালির ইতিহাসের এক কলঙ্কময় ও শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি সেনাবাহিনী নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। ইতিহাসের জঘন্যতম এই গণহত্যায় তারা বাঙালি জাতিকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। বক্তারা আরও উল্লেখ করেন, পৃথিবীর ইতিহাসে এত অল্প সময়ে এত বেশিসংখ্যক মানুষ হত্যার নজির আর দ্বিতীয়টি নেই।
মহিলা পরিষদের নেতৃবৃন্দ এই সময় ১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানান। তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, কয়েক দশক পার হলেও আজও এই ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ দিন ধরে ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে। শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশপ্রেমের শপথ গ্রহণের মধ্য দিয়ে কর্মসূচিটি সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন