মোজাম্মেল হক
মে ১২, ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের নিয়ে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সুমা খাতুন বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি শিশুদের স্বাভাবিক শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎকে কেবল বাধাগ্রস্তই করে না, বরং পুরো সমাজকে পিছিয়ে দেয়। বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনের একার উদ্যোগ যথেষ্ট নয়; পরিবার, সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি এবং বিশেষ করে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত সম্মানিত ও প্রভাবশালী। তাদের সচেতনতামূলক বক্তব্য মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে জাদুকরী ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে আমি বিবাহ নিবন্ধকদের আহ্বান জানাই, আপনারা আইন মেনে দায়িত্ব পালন করুন। কোনো অবস্থাতেই সঠিক জন্মনিবন্ধন বা বয়স যাচাই ছাড়া অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না।”
সভাপতির বক্তব্যে নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা ও ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি। বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে তিনি বিবাহ নিবন্ধক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের রবার্ট কমল সরকার এবং প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন মসজিদের ইমাম, পুরোহিত, বিবাহ নিবন্ধক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। সভার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীরা বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে শপথ গ্রহণ করেন।