জুন ১২, ২০২৬, ০৩:৩৮ পিএম
রাষ্ট্রীয় ক্ষমতায় সাড়ে ৩ বছর থাকাকালীন বাংলাদেশে যত ভালো কাজ হয়েছে তার প্রতিটির সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জড়িয়ে আছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১২ জুন) সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের এফিলিয়েট বডিসমূহের মতবিনিময় সভা এবং বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বাধীনতা ঘোষণা করে অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করা জিয়াউর রহমান দেশপ্রেমের এক অনন্য প্রমাণ রেখে গেছেন বলে মন্ত্রী উল্লেখ করেন।তিনি সংকটকালে পালিয়ে যাননি কিংবা আত্মসমর্পণ করেননি।যুদ্ধ শেষে অত্যন্ত শৃঙ্খলাবোধ ও পেশাগত দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে জিয়াউর রহমান কুমিল্লা সেনানিবাসে সিনিয়র অফিসার হিসেবে নিজের স্বাভাবিক কাজে ফিরে গিয়েছিলেন। তাঁর জুনিয়রকে সেনাবাহিনীর প্রধান করা হলেও তিনি কোনো প্রতিবাদ বা বিতর্কের জন্ম দেননি।
মন্ত্রী আক্ষেপ করে বলেন যে দিনাজপুর মেডিকেল কলেজটি মূলত জিয়াউর রহমানই স্থাপন করেছিলেন, কিন্তু পরবর্তীতে রাজনৈতিক কারণে তার ফলকটি তুলে ফেলা হয়। এরপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া পুনরায় এই মেডিকেল কলেজটি চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নেন।বাংলাদেশের বর্তমান অর্থনীতি মূলত তিনটি প্রধান স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে বলে মন্ত্রী তাঁর বক্তব্যে বিস্তারিত ব্যাখ্যা করেন। এই স্তম্ভ তিনটি হলো কৃষি ও কৃষক, তৈরি পোশাক রপ্তানি খাত এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স।
ডা জাহিদ হোসেন বলেন, আধুনিক কৃষির প্রকৃত রূপকার এবং গার্মেন্টস শিল্পের জনক হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি একমাত্র ব্যক্তি যিনি দক্ষিণ কোরিয়ায় বিশেষ প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করে দেশে এনেছিলেন এবং গার্মেন্টসের মাধ্যমে প্রথম ১০ হাজার তৈরি পোশাক ফ্রান্সে পাঠিয়েছিলেন।মুসলিম উম্মাহর সঙ্গে সুসম্পর্ক স্থাপনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগও শহীদ জিয়াই তৈরি করেছিলেন যার সুফল দেশবাসী এখনো ভোগ করছে। তাঁর কারণে সৃষ্ট এই বিশাল কর্মসংস্থানের ফলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা এখন প্রতিবছর বিদেশ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার দেশে পাঠাচ্ছেন। ক্যাডার ভিত্তিক প্রশাসনে কঠোর শৃঙ্খলাবোধ তৈরি করার পেছনেও এই নেতার অবদান অনস্বীকার্য ছিল।
জিয়া হার্ট ফাউন্ডেশনের সভাপতি ড হাসনাইন আকতার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ আকতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ডা এটিএম ফরিদ উদ্দীন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা খন্দকার আব্দুল আউয়াল রিজভী, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা এবং জেলা পরিষদের প্রশাসক মোফাজ্জল হোসেন দুলাল উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন