রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে ভিটামিন এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ

মো: মামুনুর রশিদ

জুন ২৮, ২০২৬, ০৬:১৫ পিএম

শিশুদের সুস্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে ভিটামিন এ ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে দিনাজপুরের ১০৩টি ইউনিয়ন পরিষদ ও ৯টি পৌরসভা এলাকায় একযোগে শিশুদের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে। রোববার সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ স্বাস্থ্য কর্মসূচি বিরতিহীনভাবে বিকেল চারটা পর্যন্ত চলে।এবার জেলায় সর্বমোট ৩ লাখ ৮৫ হাজার ২২১ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

কর্মসূচির আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। দীর্ঘমেয়াদি এই ক্যাম্পেইন সফল করতে জেলার বিভিন্ন জনবহুল ও কৌশলগত এলাকায় ২ হাজার ৬১৬টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এসব কেন্দ্রে শিশুদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক, মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীসহ মোট ৫ হাজার ৮৪৪ জন দক্ষ কর্মী নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

সকালে দিনাজপুর পৌরসভায় এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পৌর প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক রিয়াজ উদ্দিন এবং ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রাসুল রাকিবসহ স্বাস্থ্য বিভাগের পদস্থ কর্মকর্তাবৃন্দ। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে ভিটামিন ‘এ’ অপরিহার্য ভূমিকা রাখে। তাই প্রতিটি শিশুকে সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করতে নির্ধারিত কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়েছে।