রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি মিয়া গোলাম পরওয়ারের

মো: মামুনুর রশিদ

জুলাই ২৩, ২০২৬, ০৮:৩০ পিএম

জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি মিয়া গোলাম পরওয়ারের

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করা না হলে আগামী দিনে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুরে আয়োজিত এক প্রতিবাদী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সরকারের বর্তমান নীতি ও কার্যক্রমে তীব্র অসন্তোষ প্রকাশ করে তিনি জানান যে দেশবাসীকে উপেক্ষা করে কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না।সরকার ইচ্ছাকৃতভাবে দেশটিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার আরও বলেন যে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংস্কারের বিভিন্ন প্রস্তাব এলেও সরকার তা বাস্তবায়নে কালক্ষেপণ করছে। 

এ সময় তিনি রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে মন্তব্য করেন যে জুলাই সনদ ও জনগণের মূল আকাঙ্ক্ষা বাস্তবায়নের মাধ্যমেই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। অন্যথায় ১১ দলীয় ঐক্যের ব্যানারে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়ে দেন।

‘জুলাই জাতীয় সনদ এবং গণভোট, জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের দায় ও আমাদের করণীয়’ শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আনিসুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাহবুবুর রহমান বেলাল ও মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।