জুলাই ৩০, ২০২৬, ১১:৩৫ পিএম
কিশোরী ও তরুণীদের মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং অধিকার সুরক্ষায় দিনাজপুরে ইয়াং উইমেনস ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন বা ওয়াইসিডব্লিউএ-এর উদ্যোগে একটি বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। `রাইজ আপ` প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে শহরের ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি পালিত হয়।শহর সমাজসেবা অফিসার মো. মাইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের ওয়ান স্টপ ক্রাইসিস সেলের প্রোগ্রাম অফিসার মোছা. সামিহা বিনতে আনোয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মো. গোলাম আজম, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল রহমান এবং দিনাজপুর পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মোছা. মেমোরেজ সুলতানা। বক্তারা কিশোরীদের সার্বিক স্বাস্থ্যসুরক্ষায় পরিবার ও সমাজের যৌথ সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
কর্মসূচির লক্ষ্য ও সংগঠনের কর্মপরিকল্পনা তুলে ধরে দিনাজপুর ওয়াইসিডব্লিউএ-এর সাধারণ সম্পাদক সিসি ফ্লোরেন্স লাকড়া বলেন, মাসিক কোনো লজ্জা বা স্তব্ধতার বিষয় নয়, বরং এটি নারী স্বাস্থ্যের একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ অংশ। কিশোরীদের মধ্যে এ বিষয়ে বিদ্যমান সামাজিক সংকোচ দূর করা এবং তাদের সঠিক স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। `রাইজ আপ` প্রকল্পের মাধ্যমে নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সহায়ক পরিবেশ গঠনে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
দিনব্যাপী এই ক্যাম্পেইনে সংস্থার মাস্টার ট্রেইনার রিভিকা মৃধা ও দীপান্বিতার পরিচালনায় মাসিক স্বাস্থ্য ও অধিকার বিষয়ক একটি সচেতনতামূলক নাটক পরিবেশিত হয়। নাটক শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিয়ে দলগত আলোচনা ও উপস্থাপন পর্ব অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের গোপনীয়তা রক্ষা করে মনখুলে প্রশ্ন করার সুযোগ দিতে একটি বিশেষ `জিজ্ঞাসা কর্নার` ও খোলা চিঠির বাক্স স্থাপন করা হয়েছিল। দিন শেষে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন ও তথ্যসমৃদ্ধ লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার লিপি লাকড়া, জয়া মনি, ক্রিস্টিনা এবং পনেরো জন অ্যালুমুনাই সদস্য। আয়োজকরা জানান, বর্তমানে বিশ্বের নয়টি দেশে ওয়াইসিডব্লিউএ-এর মাধ্যমে `রাইজ আপ` প্রকল্পটি সফলভাবে পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশে মোট তেরোটি শাখার মধ্যে দিনাজপুরসহ ছয়টি শাখায় এই কার্যক্রম কার্যকর রয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন