রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গ্রামীণ সড়কের সৌন্দর্য বাড়াতে বিরলে চারা রোপণ করলেন ইউএনও

মোঃ আব্দুর রাজ্জাক

জুলাই ৩১, ২০২৬, ১২:২৮ পিএম

গ্রামীণ সড়কের সৌন্দর্য বাড়াতে বিরলে চারা রোপণ করলেন ইউএনও

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সড়কের সৌন্দর্য বাড়াতে দিনাজপুরের বিরল উপজেলায় বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার সম্মিলিত প্রয়াসে কাজিপাড়া উচ্চ বিদ্যালয় থেকে শিবপুর পর্যন্ত সড়কের দুই ধারে কৃষ্ণচূড়া ও জারুল গাছের চারা রোপণ করা হয়। স্থানীয় প্রশাসনের এই পরিবেশবান্ধব পদক্ষেপে পুরো এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব ও সামগ্রিক পরিকল্পনা করেন বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম। এ সময় তিনি বলেন, একটি সুস্থ ও সুন্দর বাসযোগ্য পৃথিবী গড়তে হলে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে। কাজিপাড়া থেকে শিবপুর পর্যন্ত সড়কের দুই ধারে রোপণ করা এসব কৃষ্ণচূড়া ও জারুল চারা আগামী দিনে এই অঞ্চলের প্রকৃতিকে এক অপরূপ রূপ দেবে। 

সরকারি, বেসরকারি এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এই যৌথ প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয় উল্লেখ করে তিনি জানান, শুধু গাছ রোপণ করেই দায়িত্ব শেষ করা হবে না, বরং চারাগুলো বড় হওয়া পর্যন্ত নিয়মিত দেখভালের ব্যবস্থা করা হবে।উৎসবমুখর এই চারা রোপণ কার্যক্রমে স্থানীয় কাজিপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী, এনজিও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ পথচারীরা অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নেন। 

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে উপস্থিত শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী, পথচারী ও কর্মকর্তাদের মাঝে আনন্দ ভাগাভাগি করতে চকলেট, সিঙ্গাড়া ও ঐতিহ্যবাহী জিলাপি বিতরণ করা হয়। প্রশাসনের এমন সময়োপযোগী ও পরিবেশবান্ধব উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজ ও সর্বস্তরের জনগণ।