সুবল রায়
আগস্ট ৩, ২০২৬, ১১:১০ পিএম
ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের বিরল উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। কাঁচামরিচ, ভোজ্যতেল এবং এলপিজি গ্যাসের মতো অতি প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে প্রশাসনের যথাযথ তদারকি না থাকায় খুচরা ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
কয়েক সপ্তাহের ব্যবধানে এসব পণ্যের দাম আকাশচুম্বী হয়ে উঠেছে।সরবরাহ সংকটের অজুহাতে স্থানীয় বাজারগুলোতে কাঁচামরিচের দাম হু হু করে বাড়ানো হয়েছে। রান্নার অন্যতম প্রধান উপাদান সয়াবিন ও সরিষার তেলের দামও দফায় দফায় বেড়েছে। বাসা-বাড়িতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। ডিলার ও খুচরা বিক্রেতাদের সিন্ডিকেট এবং কৃত্রিম মজুতের কারণে সাধারণ ক্রেতাদের প্রতি সিলিন্ডারে অতিরিক্ত টাকা গুনতে হচ্ছে।
বিরল পৌর এলাকার কাঁচাবাজারে আসা ক্রেতারা জানান, আয়ের তুলনায় ব্যয় দ্বিগুণ হওয়ায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। দিনমজুর ও নির্দিষ্ট আয়ের মানুষেরা চাল ও ডাল কেনার পর কাঁচামরিচ বা তেল কেনার টাকা মেলাতে পারছেন না। পাইকারি বাজার থেকে খুচরা বাজারে আসতে পণ্য কয়েক হাত বদল হওয়াকেও দাম বাড়ার একটি বড় কারণ হিসেবে দেখছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে প্রতিটি দোকানে মূল্যতালিকা টাঙানো বাধ্যতামূলক করা এবং নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন স্থানীয়রা।