রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

পঞ্চম দিনের মতো হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

কুদ্দুস আলী খান

সেপ্টেম্বর ৪, ২০২৬, ১১:১৯ এএম

পঞ্চম দিনের মতো হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

পঞ্চম দিনের মতো আজও হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত ৩০ আগস্ট থেকে ওপার বাংলার ব্যবসায়ীদের পক্ষ থেকে এই বাণিজ্য কার্যক্রম স্থগিত করা হয়, যার ফলে দীর্ঘ দিন ধরে বন্দর এলাকায় অচলাবস্থা বিরাজ করছে। বাণিজ্য বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের শত শত দিনমজুর ও লোড-আনলোড শ্রমিক। 

একই সাথে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন দেশীয় আমদানিকারক ও ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বন্দর দিয়ে কোনো ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। স্থানীয় ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরগুলোর সাথে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণে ভারতীয় ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত নিয়েছেন। 

তবে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যকার চলমান আলোচনা ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ার পথে রয়েছে বলে জানা গেছে। আলোচনা সফল হলে খুব দ্রুতই বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার চালু হবে বলে ব্যবসায়ীরা আশাবাদ ব্যক্ত করেছেন। আমদানি-রপ্তানি দীর্ঘায়িত হলে দুই দেশের ব্যবসায়ীদেরই বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দ্রুত এই সংকটের অবসান ঘটিয়ে বন্দর সচল করার দাবি জানিয়েছেন হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা।