রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হিলি স্থলবন্দরে ৫ আগস্ট আমদানি-রপ্তানি বন্ধ

কুদ্দুস আলী খান

আগস্ট ৪, ২০২৬, ০২:২৪ পিএম

হিলি স্থলবন্দরে ৫ আগস্ট আমদানি-রপ্তানি বন্ধ

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

আগামী ৫ আগস্ট বুধবার ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণা করায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। এদিন ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দরকেন্দ্রিক যাবতীয় বাণিজ্যিক কার্যক্রম ও পণ্য খালাস পুরোপুরি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে স্থানীয় কাস্টমস কর্তৃপক্ষ ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার সম্পূর্ণ স্বাভাবিক থাকবে।হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সরকারিভাবে সাধারণ ছুটি থাকায় বুধবার দিনভর স্থলবন্দরের সব আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। 

তবে মাত্র একদিনের এই বিরতির পর আগামী ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানিসহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম পুরোদমে শুরু হবে।অন্যদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকারিয়া জানিয়েছেন, বাণিজ্যিক কার্যক্রমের সঙ্গে যাত্রী পারাপারের সরাসরি কোনো সম্পর্ক নেই। তাই বুধবার অন্যান্য দিনের মতোই বৈধ পাসপোর্টধারী সাধারণ যাত্রীরা ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে নির্বিঘ্নে দুই দেশে যাতায়াত করতে পারবেন।