রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমদানির খবরে কমল কাঁচা মরিচের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৩, ২০২৬, ০৫:০৮ পিএম

আমদানির খবরে কমল কাঁচা মরিচের দাম

কাঁচা মরিচের ছবি

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভারত থেকে ৩ হাজার ৪০০ টন কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে সরকার। সোমবার প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় কাঁচা মরিচ দেশে প্রবেশ করতে শুরু করে। এতে বাজারে দ্রুত সরবরাহ বাড়বে।আমদানির খবরে বাজারে ইতিমধ্যেই ব্যাপক ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

ব্যবসায়ীদের দেওয়া তথ্যমতে, মাত্র এক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৮০ থেকে ৯০ টাকা পর্যন্ত কমেছে। হিলি স্থলবন্দরের আমদানিকারক শাহাবুল ইসলাম জানান, টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন মারাত্মকভাবে কমে গিয়েছিল। এতে বাজারে সরবরাহ সংকট সৃষ্টি হয়ে কাঁচা মরিচের দাম কেজিপ্রতি ৩০০ টাকার ওপরে উঠে যায়।

দীর্ঘদিন ধরেই আমদানির অনুমতির দাবি জানিয়ে আসছিলেন ব্যবসায়ীরা।হিলি স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপপরিচালক আনোয়ার হোসেন বলেন, মূল্য নিয়ন্ত্রণে সরকার এই আমদানির অনুমতি দিয়েছে। এই বন্দর দিয়ে সর্বশেষ গত বছরের ২০ নভেম্বর কাঁচা মরিচ আমদানি হয়েছিল। দীর্ঘ বিরতির পর আবারও আমদানি কার্যক্রম শুরু হওয়ায় দাম সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে বলে আশা করা হচ্ছে।