বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৩, ২০২৬, ০৭:২৮ পিএম

ট্রাম্পের ঘোষণায় বিশ্ববাজারে স্বর্ণের বড় দরপতন

স্বর্ণের বাজারে অস্থিরতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছে। সোমবার ২৩ মার্চ ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট এক প্রতিবেদনে জানিয়েছে যে ভূ-রাজনৈতিক উত্তেজনা কিছুটা প্রশমিত হওয়ার আভাস পেয়েই নিরাপদ বিনিয়োগ হিসেবে পরিচিত স্বর্ণের দাম নিম্নমুখী হতে শুরু করেছে। 

ট্রাম্পের এই আকস্মিক সিদ্ধান্তের ফলে বিশ্বজুড়ে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা কমতে শুরু করেছে যার সরাসরি প্রভাব পড়েছে কমোডিটি মার্কেটে।প্রতিবেদনে বলা হয়েছে ঘরোয়া ফিউচার মার্কেট এমসিএক্স-এ স্বর্ণের দাম এক পর্যায়ে ১০ শতাংশ পর্যন্ত কমে প্রতি ১০ গ্রামে ১ লাখ ৩০ হাজার রুপির নিচে নেমে গিয়েছিল। 

যদিও পরবর্তীতে দাম কিছুটা পুনরুদ্ধার করে ৩ শতাংশ হ্রাসে লেনদেন শেষ হয়েছে। অন্যদিকে রুপার বাজারেও বড় ধস দেখা গেছে। রুপার ফিউচার দর প্রায় ১২ শতাংশ কমে দিনের সর্বনিম্ন পর্যায়ে ২ লাখ রুপির নিচে নেমে গিয়েছিল যা পরে কিছুটা সামলে নিয়ে ৩ দশমিক ৫ শতাংশ পতনে অবস্থান করছে। 

বাজার বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই ঘোষণার ফলে মধ্যপ্রাচ্যে আপাতত বড় যুদ্ধের আশঙ্কা কমে আসায় বিনিয়োগকারীরা স্বর্ণ ছেড়ে অন্য খাতের দিকে ঝুঁকছেন।এলকেপি সিকিউরিটিজের কমোডিটি ও কারেন্সি বিভাগের ভিপি রিসার্চ অ্যানালিস্ট জতিন ত্রিবেদী জানিয়েছেন যদি মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা দীর্ঘমেয়াদে কমে এবং সুদের হার হ্রাসের বিষয়ে স্পষ্ট কোনো বার্তা পাওয়া যায় তবে স্বর্ণের দামে আবারও বড় ধরনের পুনরুদ্ধার দেখা যেতে পারে। এমনকি দীর্ঘমেয়াদে স্বর্ণের দামের ঊর্ধ্বগতি প্রতি আউন্স ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। তবে সাময়িকভাবে ট্রাম্পের দেওয়া ৫ দিনের যুদ্ধ স্থগিতের বার্তা বাজারকে শীতল করেছে।

এদিকে বাংলাদেশের বাজারেও স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় করা হয়েছে। ঈদুল ফিতরের আগে দুই দফায় স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। সর্বশেষ ১৯ মার্চ বিকেলে এক বিজ্ঞপ্তিতে বাজুস প্রতি ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা কমানোর ঘোষণা দেয়। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৪৪ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি প্রতিরক্ষা দপ্তরকে ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে যেকোনো ধরনের সামরিক হামলা আপাতত পাঁচ দিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের ফলে মধ্যপ্রাচ্যের সংকট কূটনৈতিক পথে সমাধানের একটি ক্ষীণ আশা তৈরি হয়েছে। আর এই কূটনৈতিক তৎপরতার প্রভাবই এখন বিশ্ব অর্থনীতির প্রতিটি সূচকে প্রতিফলিত হচ্ছে। বিনিয়োগকারীরা এখন তীক্ষ্ণ নজর রাখছেন আগামী পাঁচ দিনের ঘটনাবলির ওপর কারণ এর ওপরই নির্ভর করছে স্বর্ণ ও জ্বালানি তেলের পরবর্তী বাজারদর।