রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

এপ্রিল ২০, ২০২৬, ১১:১২ পিএম

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে অস্থিরতার জেরে বড় ধরনের দরপতন হয়েছে স্বর্ণের দামে। সোমবার আন্তর্জাতিক বাজারে এই মূল্যবান ধাতুটির দাম এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা এবং মার্কিন ডলারের শক্তিশালী অবস্থানের কারণে বিনিয়োগকারীরা স্বর্ণ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। 

এর ফলে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বর্ণের বৈশ্বিক দরে বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে।বাজার বিশ্লেষণে দেখা গেছে, বাংলাদেশ সময় রাত ৭টা ২৩ মিনিটে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের মূল্য শূন্য দশমিক ৫ শতাংশ হ্রাস পেয়েছে। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৮০৪ দশমিক ৪৪ ডলারে। 

একই সময়ে জুন মাসে সরবরাহের জন্য ইউএস গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ৮২৪ দশমিক ৬০ ডলারে নেমেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান-মার্কিন সংঘাতের প্রভাবে তেলের বাজার এবং মার্কিন ডলারের দরে যে অস্বাভাবিক ঊর্ধ্বগতি তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়েছে স্বর্ণের বাজারে।

মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি ইরানের একটি কার্গো জাহাজ আটক করার সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় তেহরানও পাল্টা পদক্ষেপ নেওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছে। দুই দেশের এই বৈরী অবস্থানের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে। সিটি ইনডেক্স ও ফরেক্স ডটকমের বাজার বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় স্বর্ণের দাম কিছুটা নিম্নমুখী হয়েছে। এর ফলে মার্কিন ডলার ও বন্ডের মুনাফা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে যা স্বর্ণের চাহিদাকে কমিয়ে দিচ্ছে।

সাধারণত মুদ্রাস্ফীতির সময় স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হলেও বর্তমানে পরিস্থিতি কিছুটা ভিন্ন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে উচ্চ মুদ্রাস্ফীতি বজায় থাকায় সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। যখন সুদের হার বেশি থাকে, তখন বিনিয়োগকারীরা সাধারণত স্বর্ণের বদলে ডলার বা বন্ডে বিনিয়োগ করতে বেশি আগ্রহী হন। বিশ্ববাজারের এই অস্থিরতা আরও কতদিন স্থায়ী হয়, এখন সেদিকেই তাকিয়ে আছেন সাধারণ বিনিয়োগকারীরা।