এপ্রিল ২৫, ২০২৬, ০৫:৪১ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দামে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। তবে টানা পাঁচ সপ্তাহ টানা বাড়ার পর সাপ্তাহিক হিসাব অনুযায়ী এই মূল্যবান ধাতুটি দরপতনের পথেই রয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরান পরিস্থিতির অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে চাপ তৈরি করেছে।
বিশ্বখ্যাত সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭২১ দশমিক ১৫ ডলারে দাঁড়িয়েছে।
লেনদেনের এক পর্যায়ে দাম ১ শতাংশের বেশি বাড়লেও সপ্তাহজুড়ে সামগ্রিক চিত্র বিশ্লেষণ করলে দেখা যায়, দাম এখন পর্যন্ত ২ শতাংশের বেশি কমেছে। অন্যদিকে জুন মাসে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪,৭৪০ দশমিক ৯০ ডলারে নিষ্পত্তি হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন বড় বড় বিনিয়োগকারীরা।আন্তর্জাতিক বাজারে দামের এই উঠানামা চললেও বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। গত ২৩ এপ্রিল থেকে দেশে স্বর্ণের নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। স্থানীয় বাজারে চাহিদা ও আন্তর্জাতিক পরিস্থিতির সমন্বয় করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজুসের ঘোষণা অনুযায়ী, বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে এই মানের স্বর্ণের দাম আরও বেশি ছিল, যা ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে।
স্বর্ণের পাশাপাশি দেশীয় বাজারে রুপার দামও কিছুটা কমিয়ে আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরিতে ৩৫০ টাকা কমিয়ে ৫,৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। উল্লেখ্য যে, লেবাননে ইসরায়েলি হামলা এবং মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেল ও স্বর্ণের দামে অস্থিরতা বজায় রয়েছে। দেশীয় জুয়েলারি ব্যবসায়ীরা মনে করছেন, বিশ্ববাজারের দামের এই অস্থিতিশীলতা বজায় থাকলে আগামীতে দেশের বাজারে পুনরায় দাম সমন্বয়ের প্রয়োজন হতে পারে। আপাতত সাধারণ ক্রেতাদের জন্য এই দাম কিছুটা স্বস্তির খবর নিয়ে এসেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন