রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

এক মাসে ৩১২ কোটি ৭০ লাখ ডলার পাঠালেন প্রবাসীরা

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৩, ২০২৬, ০৭:০৮ পিএম

এক মাসে ৩১২ কোটি ৭০ লাখ ডলার পাঠালেন প্রবাসীরা

প্রবাসী আয়ে বড় প্রাপ্তি

সদ্যবিদায়ী এপ্রিল মাসেও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত রেখেছেন প্রবাসীরা। এপ্রিলের পুরো সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় ৩ দশমিক ১৩ বিলিয়ন বা ৩১২ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের প্রবাসী আয়। বর্তমান বাজারদর অনুযায়ী প্রতি ডলার ১২২ টাকা ধরে যার পরিমাণ ৩৮ হাজার ১৪৯ কোটি ৪০ লাখ টাকা।

রোববার (৩ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান রেমিট্যান্স সংক্রান্ত এই সর্বশেষ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের এপ্রিল মাসে দেশে ২৭৫ কোটি ২০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় এসেছিল চলতি বছরের মার্চ মাসে। ওই সময়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত বছরের মার্চে, যার পরিমাণ ছিল ৩২৯ কোটি ৫৬ লাখ ডলার।

পরিসংখ্যান অনুযায়ী, তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের ডিসেম্বর মাসে, সে সময় দেশে এসেছিল ৩২২ কোটি ৬৬ লাখ ডলার। আর চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আসে চলতি বছরের জানুয়ারিতে। ওই মাসে প্রবাসী আয়ের পরিমাণ ছিল ৩১৭ কোটি মার্কিন ডলার। এপ্রিলের এই প্রবাহ চতুর্থ স্থানের পরেই অবস্থান করছে।

ব্যাংকিং সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের নানা উৎসাহমূলক পদক্ষেপ এবং ডলারের বিনিময় হার পুনর্নির্ধারণ করার ফলে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে আরও বেশি আগ্রহী হচ্ছেন। এর ইতিবাচক প্রভাব পড়ছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে। নিয়মিত এই প্রবাহ বজায় থাকলে ডলার সংকট নিরসনে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।