রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মে মাসের ১৩ দিনে এলো ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৩:৫০ পিএম

মে মাসের ১৩ দিনে এলো ১৭৪ কোটি ডলার রেমিট্যান্স

রেমিট্যান্স প্রবাহে নতুন গতি

চলতি মে মাসের প্রথম ১৩ দিনেই প্রবাসীরা দেশে ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন।হিসাব অনুযায়ী, এই সময়ে প্রতিদিন গড়ে দেশে ১৩ কোটি ৪১ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১২৬ কোটি ৭০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে দেশে প্রবাসী আয়ের প্রবাহ বেড়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া তথ্যমতে, চলতি অর্থবছরের জুলাই থেকে ১৩ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২০ দশমিক ৪০ শতাংশ।

এর আগে গত এপ্রিলে দেশে ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। আর গত মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ রেকর্ড। এছাড়া গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ এবং ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে। 

গত ডিসেম্বর ও নভেম্বরে রেমিট্যান্স এসেছিল যথাক্রমে ৩২২ কোটি ৬৭ লাখ এবং ২৮৮ ওমব ৯৫ লাখ ডলার।বাংলাদেশ ব্যাংক জানায়, গত ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা দেশে মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন। 

এটি ছিল দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড। সর্বশেষ তথ্যানুযায়ী, গত সেপ্টেম্বর ও অক্টোবরে যথাক্রমে ২৬৮ কোটি এবং ২৫৬ কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে। প্রবাসী আয়ের এই ধারাবাহিকতা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।