আগস্ট ৬, ২০২৬, ১২:৩২ পিএম
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য আকামা নবায়নের ক্ষেত্রে বড় ধরনের সুবিধা ঘোষণা করেছে দেশটির সরকার। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই সুখবর জানান সৌদি আরবের মানবসম্পদ বিষয়ক উপমন্ত্রী মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা। তিনি জানান যে কোনো কারণে মূল নিয়োগকর্তা বা কফিল আকামা নবায়ন না করলে কর্মীরা দ্রুততম সময়ে অন্য কফিলের অধীনে তা নবায়ন করতে পারবেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে কর্মীদের এখন থেকে আর আইনগত কোনো বাধার সম্মুখীন হতে হবে না।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে উভয় দেশের শ্রম সহযোগিতা জোরদার করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো গৃহকর্মী নিয়োগ চুক্তি, শ্রম দক্ষতা যাচাইকরণ প্রোগ্রাম বা এসভিপি চুক্তির আনুষ্ঠানিক পর্যালোচনা এবং যৌথ উদ্যোগে একটি কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা। এছাড়া স্বাস্থ্যসেবা, নির্মাণ ও আইটি খাতে দক্ষ কর্মী নিয়োগ সহজ করতে যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির ফ্রেমওয়ার্ক তৈরির প্রস্তাবও দেওয়া হয়েছে।
ওয়ার্ক পারমিটের বাড়তি ফির কারণে নিয়োগকর্তারা যে বিলম্ব করছেন, তা সমাধানেও সৌদি সরকারের সরাসরি সহযোগিতা চাওয়া হয়েছে।দীর্ঘমেয়াদি বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে সৌদি প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা আরবি ভাষায় পারদর্শী হওয়ায় তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য তিনি বিশেষভাবে অনুরোধ করেন। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক আসন্ন ২০৩৪ সালের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের প্রস্তাবনার জবাবে সৌদি উপমন্ত্রী গুরুত্বপূর্ণ খাতগুলোতে দক্ষ কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছেন। তিনি জানান যে কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম ও বিমা নিশ্চিত করা হয়েছে। আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সফর জেলে আটক থাকা বাংলাদেশি কর্মীদের বিস্তারিত তথ্য পাঠানো হলে ক্ষমার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করা হয়। এই দ্বিপক্ষীয় বৈঠকে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ উভয় দেশের পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন