মে ২৪, ২০২৬, ০৭:৫১ পিএম
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে প্রবাসী আয়ে চাঙ্গা ভাব দেখা দিয়েছে। চলতি মে মাসের প্রথম ২৩ দিনে বৈধ ব্যাংকিং চ্যানেলে প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসী আয়ের পরিমাণ ২৯৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার ডলার।
গত বছরের তুলনায় এই প্রবৃদ্ধি ৪১ শতাংশের বেশি।কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছর মে মাসের এই একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ২১০ কোটি ৬ লাখ ডলার। অর্থাৎ চলতি বছরের মে মাসে প্রবাসী আয়ের প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
শুধু গত ২৩ মে একদিনেই এসেছে ১৭ কোটি ৩৬ লাখ ডলার। চলতি ২০২৫-২৬ অর্থবছরের পহেলা জুলাই থেকে ২৩ মে পর্যন্ত মোট আসা রেমিট্যান্স ৩ হাজার ২৩০ কোটি ৯ লাখ ডলারে দাঁড়িয়েছে।আগের অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধির হার ২১ শতাংশ ছাড়িয়েছে।
এর আগে এপ্রিল মাসে দেশে ৩ দশমিক ২২ বিলিয়ন ডলার এবং মার্চ মাসে ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছিল। উল্লেখ্য, মার্চ মাসের প্রবাসী আয় ছিল দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল যা বর্তমান ধারায় অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত দিচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন