জুন ২২, ২০২৬, ০১:১৩ পিএম
টানা দুই দফা কমার পর দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এবার প্রতি ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।সোমবার সকাল ১০টা থেকে নতুন এই বর্ধিত দাম দেশজুড়ে কার্যকর করা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই দাম সমন্বয় করেছে বাজুস। নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এখন থেকে বিক্রি হবে ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকায়।
সংগঠনটি জানিয়েছে, পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই নতুন মূল্য তালিকা বহাল থাকবে। অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে । চলতি ২০২৬ সালে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৭৯ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৪০ বার দাম বেড়েছে এবং ৩৮ বার কমেছে।
অন্যদিকে দেশের বাজারে রুপার দাম বর্তমানে সম্পূর্ণ অপরিবর্তিত বা আগের মতোই রয়েছে। বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ২৪৯ টাকায় বিক্রি হচ্ছে এবং ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ১৬ টাকা বহাল আছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন