আগস্ট ১৯, ২০২৬, ০১:০০ পিএম
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন স্তরে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার কমিশন সভায় এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। এর আগে গত ২৩ জুলাই অভিযুক্ত কর্মকর্তাদের কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল।
বিএসইসির কঠোর অবস্থানে চাঞ্চল্য।বিএসইসি সূত্রে জানা যায়, গত বছরের ৫ মার্চ কমিশনের তৎকালীন চেয়ারম্যান ও অন্য কমিশনারদের অবরুদ্ধ করে নাজেহালের ঘটনায় সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশে ২২ কর্মকর্তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ২২ কর্মকর্তার মধ্যে ১৭ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এবং পাঁচজনের বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে।
গত বছরের ৬ মার্চ রাজধানীর শেরেবাংলা থানায় অবরুদ্ধ ও নাজেহালের ঘটনায় ১৬ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছিল। পরবর্তীতে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত শেষে মোট ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা আসে। অভিযুক্তদের মধ্যে একজন আগেই অন্য আরেকটি অভিযোগে চাকরি থেকে বরখাস্ত হওয়ায় তার বিরুদ্ধে গতকাল নতুন করে ব্যবস্থা নেওয়া হয়নি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন